নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক হামলায় তিন বিএনপি নেতা আহত হয়েছেন। সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া ব্রিজ এলাকা ও উপজেলা পরিষদের সামনে পৃথক হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ পৌর এলাকায় চাঁদার টাকা না পেয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির সোনারগাঁও পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আব্দুর রহিমের নির্দেশে ২০ থেকে ২৫ জনের একটি দল বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সাবল ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
হামলায় গুরুতর আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ ও পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের সঙ্গে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়।
ভুক্তভোগীদের দাবি, তারাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ব্যবসায়িকভাবে ড্রেজার ও বালি ভরাটের কাজ করে আসছেন। তাদের অভিযোগ সম্প্রতি বিএনপির ‘নব্য’ কিছু কর্মী প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা দাবি করছে।
মামলায় অভিযুক্তরা হলেন আব্দুর রাহিম (৬০), মো. ইব্রাহিম (২৬), ইস্রাফিল (২৪), মো. নজরুল ইসলাম (৩৬), রায়হান (২০), মো. রোমান (২৪), ইমাম হাসান (২৩), মো. সোহাগ (২২) ও মো. সিয়াম (২০)।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর কিছুই জানি না।
সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের সামনে সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হুমায়ুন কবির রফিককে পিটিয়ে আহত করা হয়। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হুমায়ুন কবির রফিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।
সেজন্য স্থানীয় বিএনপি তার উপর ক্ষিপ্ত ছিল বলে তিনি জানান। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
