মুন্সীগঞ্জের গজারিয়ায় মাটি খুঁড়তে গিয়ে বেড়িয়ে এলো মিসাইল বোমার অংশ বিশেষ। সোমবার (২৮এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বড় বাড়িতে একজনের জমিতে ভেকু দিয়ে মাটি খুঁড়ে বাধ দেওয়ার সময় মিসাইল বোমার অংশ বিশেষটি উঠে আসে। এতে দিনভর মানুষের মাঝে কৌতূহল দেখা যায়।
জানা যায়, গ্রামের বড় বাড়ির মো. হানিফার জমি খুঁড়ার সময় এই অংশটি উঠে আসে। প্রত্যক্ষদর্শী মামুন আরাফাত নামে এক যুবক জানান,সকাল ৭টার দিকে জিনিসটা দেখতে পাই, আমরা না বুঝে সেখানেই মাটি চাপা দিয়ে দেই।
এই দিকে দিনভর এই অংশ বিশেষ নিয়ে এলাকার মানুষের মাঝে কৌতূহল এর শেষ নাই। গ্রামের জসিম উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, সারা দিন শুনলাম স্বর্ণের খনি পাইছে, ২০০ কেজি হবে, এখন শুনতাছি বোম।
ঘটনাস্থলে উপস্থিত ডিএসবি ওয়াচার মো. তারিকুল ইসলাম জানান, খবরটি শুনেই চলে আসি, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ছবি সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি তদন্ত)মো. সহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে সীল করেছি, প্রথমত আমরা মানুষকে নিরাপত্তা দিচ্ছি, সেনা বাহিনীর বোম ডিস্পোজাল এর সাথে পুলিশ সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে।