চালক-হেলপারকে মারধর করে সয়াবিন তেলবাহী ট্রাক ছিনতাই

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম

বগুড়ার মহাস্থান এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি সয়াবিন তেলবাহী ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে গুরুতর আহত করে ট্রাক ছিনতাই করেছে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া তেলের ট্রাকের উদ্ধার হওয়া চালক আব্দুল মালেক রংপুর সদরের বাবুগঞ্জ এলাকার মৃত নুর ইসলামের ছেলে এবং হেলপার নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুরের ইসলামপুর মন্ডলপাড়ার সামছুল হকের ছেলে।  

জানা গেছে, রোববার চট্টগ্রাম থেকে রংপুরের উদ্দেশে একটি সয়াবিন তেলের ট্রাক রওনা দেয়। পথে ১টার দিকে বগুড়ার মহাস্থান এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বিপরীত দিক থেকে পৃথক একটি ট্রাক দিয়ে ওই তেলের ট্রাকটির গতিরোধ করে। এরপর তারা সয়াবিন তেলের ট্রাকটিতে উঠে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। তারপর ডাকাত দল ট্রাকটি নিয়ে রংপুরের দিকে না গিয়ে জয়পুরহাটের দিকে রওনা দেন। এসময় চালক ও হেলপারকে মারধর করে জয়পুরহাট - বগুড়ার আঞ্চলিক মহাসড়কের অদূরে কালাই পৌরসভার সড়াইল এলাকার একটি ধান ক্ষেতে গুরুতর আহত অবস্থায় ফেলে দিয়ে তেলের ট্রাকটি নিয়ে পালিয়ে যান। সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় জনগণ তাদের ওই ধানক্ষেতে দেখতে পান ও  পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এ বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, আহত অবস্থায় দুজন ব্যক্তিকে কালাই পৌরসভার সড়াইলের এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এরপর তাদের আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তেলের ট্রাক বা লরির এখনো সন্ধান পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত