বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসাতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় গরুর হাট বসানো যাবে না—এ মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ প্রদান করেন।

রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাট বসানোর বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ ও আশঙ্কার ভিত্তিতে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতেই আদালত হাট না বসাতে নির্দেশ দিয়েছেন।

আদেশ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেরাদিয়ায় এবার পশুর হাট বসাতে পারবে না।

বনশ্রী ও আশপাশের এলাকাগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে পশুর হাট বসলে জনদুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রিট আবেদনকারী। এছাড়া সড়কজুড়ে পশু বেচাকেনা হলে চলাচল ব্যাহত হয়, পরিবেশ দূষণের ঝুঁকিও তৈরি হয়।