ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ দুই ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

এর আগে নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই যুবক। নিহত যুবকের নাম লিটন মিয়া (২৯)। তিনি উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।

রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মতো আজ সকালে লিটন মিয়া ও তারা বাবা মাছ ধরতে যান। এ সময় জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে লিটন নিখোঁজ হন। পরে সঙ্গের লোকজন খোঁজা-খুঁজির দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে। বর্তমানে যুবকের লাশ তার বাড়িতে আনা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ চন্দ্র বলেন, ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। আপনার মাধ্যমে প্রথম শুনলাম।

চিলমারী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।