কুড়িগ্রামের চিলমারী-হরিপুর সড়কে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। চিলমারী থানার ওসি নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ব্যবসায়ী নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া, উত্তর আঠারো পাইকা, মন্ডলের হাট এলাকার বাসিন্দা পেমান্দ দাশ পরবার ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকালে মাছ কেনার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন কুমার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত