ময়মনসিংহে পলিটেকনিক ক্যাম্পাস শাটডাউন

৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শাটডাউন কর্মসূচি পালন করেছ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে এই বিক্ষোভ করেন।

ক্র্যাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনও বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর এবং প্রধান ফটকে তিনটি তালা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে শিক্ষকরাও বাইরে চলে আসেন। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আন্দোলন কর্মসূচির প্রধান ছাত্র প্রতিনিধি ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রেদোয়ান উজ জামান সাংবাদিকদের জানান, আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার কর্ণপাত করছে না। ৬ দফা দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের একাডেমিক এবং প্রশাসনিক সব কাজ বন্ধ করে দিয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দাবির বিষয়ে গঠিত সংস্কার কমিটি যে পর্যন্ত চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করবে, সে পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। দাবি আদায় না পর্যন্ত তিনটি গেটে তালা ঝুলবে। সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় করেই আমরা ক্যাম্পাসে ফিরব।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। আন্দোলনের অংশ হিসেবে আজ ক্যাম্পাসের গেটে তালা দিয়েছে এবং আমাদের বাইরে আসতে বলায় আমরা এসেছি। কারণ তারাও আমাদের শিক্ষার্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।