নরসিংদীতে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে শিবপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার পৌর শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শেখ কামাল উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া এলাকার মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। তিনি শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে পটপরিবর্তনের মধ্য দিয়ে সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শেখ কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান করার খবর পেয়ে নরসিংদী সদর উপজেলার পৌর শহরের ভেলানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে ভেলানগরের জেলাখানার মোড় থেকে শেখ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।