নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৩টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
উদ্ধার করা আলামতের মধ্যে একটি করে বিদেশি রিভলবার, দেশিয় তৈরি পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড থ্রিনটথ্রি গুলি, ২১ রাউন্ড ছোট পিস্তলের গুলি, ছয়টি ব্ল্যাংক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড শটগানের সীসা কার্তুজ, ৯টি দেশিয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা রয়েছে।
এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, গোপন খবর পেয়ে এসআরবি-১১ এর একটি দল নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিচালিত এই তল্লাশি অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় আইনগত ব্যবস্থার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে এসআরবি-১১।