শিক্ষার্থীদের আন্দোলন দমনে উপাচার্যের মামলা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নিন্দা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নানা সংকটের সমাধানের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমস্ত অংশীজনের মতামতের ভিত্তিতে সমস্যার সমাধান না করে প্রশাসন মামলা জিডি ও পুলিশি অথবা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন দমানোর চেষ্টা করার অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল৷

মঙ্গলবার (২৯ এপ্রিল) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক শওকত ওসমান স্বাক্ষর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা প্রতিবাদ জানানো হয়৷

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই উপাচার্যের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্টি, নারী নিপীড়নের দায়ে অব্যহতিপ্রাপ্ত রেজিস্ট্রারকে মেয়াদ শেষেও স্বপদে বহাল রাখা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের কোন্দল শিক্ষার্থীদের সামনে নিয়ে আসাসহ বেশ কিছু সংকট নিয়ে আন্দোলন করে আসছে।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়মতান্ত্রিক উপায়ে মেনে নিয়ে শিক্ষার্থীবান্ধব একটা বিশ্ববিদ্যালয় বিণির্মানের প্রচেষ্টা জারি রাখা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন না করে উলটে পুলিশি প্রক্রিয়ায় মামলা দিয়ে, জিডি করে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার মধ্য দিয়ে ববি প্রশাসন সরাসরি শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ও জিডি প্রত্যাহার করতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।