বিভিন্ন বারে সমাবেশ 

খায়রুল হকের বিচারের দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি দেশের বিভিন্ন আইনজীবী বারে অনুষ্ঠিত হয়। আজ দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে  বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। 

তিনি বলেন, ‘যিনি (খায়রুল হক) ফ্যাসিবাদ হাসিনার নির্দেশে এদেশের ছাত্র-জনতাকে গুম-খুনের মধ্য দিয়ে গিয়েছেন। তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না আমি বুঝতে পারছি না। ২৪ ঘণ্টার মধ্যে আমরা খায়রুল হকের গ্রেপ্তার দেখতে চাই।’ সমাবেশে আরও বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক  ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

নড়াইল প্রতিনিধি জানান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নড়াইল আদালত চত্তরে এ কর্মসূচি পালিত হয়।  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল ইউনিটের আয়োজনে বক্তব্য দেন ফোরামের নড়াইল জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হক,  সাধারন সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবি ইকবাল হোসেন সিকদার, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, অ্যাডভোকেট রাজু আহম্মেদ রাজীব প্রমুখ। 

বান্দরবান প্রতিনিধি জানান, খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বান্দরবান পার্বত্য জেলা শাখার আইনজীবীরা। বান্দরবান সদরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বিচার বিভাগ ও গনতন্ত্র ধ্বংসের কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারে সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবীতে মুন্সীগঞ্জ আদালতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মুন্সীগঞ্জ বার শাখার নেতারা। এসময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, খায়রুল হককে গ্রেফতার ও দুর্নীতিবাজ উচ্চ আদালত ও নিম্ন আদালতের বিচারকদের অপচরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাপাইনবাবগঞ্জ শাখার নেতারা। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফোরামের উপদেষ্টা সদস্য অ্যাড. গোলাম কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু, সহ-সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোল্লা হাসান শরিফ সনি প্রমুখ।