ব্যাগসহ নারীকে টেনে-হিঁচড়ে নেওয়া ঘটনা তদন্তের নির্দেশ

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই ও তাকে গাড়ির সঙ্গে টেনে-হিঁচড়ে আহত করার ঘটনায় স্বপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন এ আদেশ দেন।

পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক মিজ পারভীন। আগামী ২০ জুলাই পিবিআইকে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেওয়া হয়েছে।

গত ২৭ এপ্রিল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এক নারী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। পরে চলন্ত একটি সাদা প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী হঠাৎ জানালা দিয়ে তার ভ্যানিটি ব্যাগ টেনে নেয়। সঙ্গে সঙ্গে ওই নারী রাস্তায় পড়ে যান এবং ছিনতাইকারীরা তাকে গাড়ির সঙ্গে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।