এবারই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার বোধ হয় এটাই শেষ নির্বাচন। শরীরের অবস্থাও ভালো না। আর করতেও পারব বলে মনে হয় না। তাই এবারের শেষ নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে কাজ করার সুযোগ দিন আপনারা।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা। একটা ভালোবাসার বাংলাদেশ চাই। বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে দেশের সনাতন ধর্মাবলম্বীরা।

পলাতক হাসিনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা অনেকগুলি বছর একটা ডাইনির হাতে জিম্মি থেকেছি। কোনো ছেলে-মেয়ের পরিবারে বিএনপির গন্ধ থাকলেই তাদের আর চাকরি হত না। ব্যবসাতেও একই অবস্থা করেছে তারা। দীর্ঘ সংগ্রাম আর অনেক রক্তের বিনিময়ে আমরা তার হাত থেকে রেহাই পেয়েছি। তারপরও ডাইনি হাসিনা পাশের দেশ ভারতে বসে ষড়যন্ত্র করছে। দেশ থেকে পালিয়েও জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না।

আয়নাঘর সম্পর্কে তিনি বলেন, হাসিনা ও আওয়ামী লীগ যাদের ভয় করেছে বা যাদের আওয়ামী লীগ নিজেদের জন্যে হুমকি মনে করেছে, তাদেরই তারা গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করেছে তারা। গুম হওয়া বেশিরভাগ মানুষেরই কোনো খোঁজ পাওয়া যায়নি। আর যাদের খোঁজ পাওয়া যায় তারাও অন্তত ৭ থেকে ৮ বছর পর্যন্ত আটক থেকেছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। অন্যায় করবেন না, যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও তাই আপনাদেরই।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত