গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ৩ দোকান

গাইবান্ধা জেলার সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ এপ্রিল) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৩ টার দিকে মনজু মিয়া নামে একজনের একটি দোকানে আগুন দেখতে পায়। খুব দ্রুতই তা ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর শুনে আশেপাশের লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৩টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ২টি মুদি দোকান ও একটি ফার্মেসি। এতে প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, আগুনের খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।