রিংকু সিংকে কুলদীপের চড়; আসলে কী হয়েছিল?

আইপিএলের মাঝে মাঠে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিংকে চড় মেরে বসেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। ভারতের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমেও বিষয়টি শিরোনামে এসেছে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তারা ১৪ রানে জিতেছে কলকাতা। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে খোশগল্প করছিলেন দুই দলের ক্রিকেটাররা। সেখানেই ছিলেন রিংকু ও কুলদীপ। দুজনেই উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ম্যাচ জেতায় রিংকুর আনন্দ ছিল দেখার মতো। তিনি হাসছিলেন। হঠাৎই পাশে দাঁড়িয়ে থাকা কুলদীপ তাকে একটি চড় মারেন। কুলদীপকে দেখে মনে হয়েছে, মজার ছলেই সেটি করেছেন।

আচমকা চড় খেয়ে হতভম্ব হয়ে যান রিংকু। তিনি প্রথমে বোঝার চেষ্টা করেন যে, কুলদীপ কেন এই কাজ করলেন? তাকে কিছু বলতে দেখা যায়। ঠিক তখনই আবার কেউ একজন রিংকুকে আবার চড় মারতে যান। ভিডিওতে দেখা যায়, এসময় কিছুটা রেগে যান রিংকু সিং। তবে এক ভিডিওবার্তায় রিংকু-কুলদীপের যৌথ ছবিসহ নাইট কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু মজার ছলে হয়েছে। এটা নিয়ে বিতর্কের কিছু নেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, রিংকু-কুলদীপের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরের স্ক্রিনশট, দুজনের অসংখ্য ছবি, আঙুলের ইশারায় ‘এল’ বা ‘লাভ’ অর্থাৎ, ভালবাসা বোঝানো থেকে শুরু করে দুজনের খুনসুটি। কখনও গাড়িতে, কখনও আবার হোটেলে একই বিছানায় শুয়ে মজা করছেন তারা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘গণমাধ্যমের খবর বনাম বন্ধুদের মাঝে প্রকৃত সত্য। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে নিখাদ বন্ধুত্ব আছে।’