কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি : রিজভী

সরকারের ভুল নীতির কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক কিছু ব্যবসায়ীর মিল-কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা উচিত ছিল। অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হয়নি।’ আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দল ‘শ্রমিক সমাবেশ’ করবে বলেও জানান তিনি। আজ রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানাতে গিয়ে গতকাল বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী জানান, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কাল (আজ) বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’

ঢাকাসহ তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন বলেও জানান রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সঙ্গে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রধান দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানিসহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে।’