বগুড়ায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলামকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় তিনি হামলার শিকার হন। সাংবাদিক নজরুল ইসলাম দৈনিক ভোরের ডাক পত্রিকায় কর্মরত এবং নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নজরুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে একটি রুটির দোকানে বসেন। এ সময় ৮-৯ জন দুর্বৃত্ত কোনও কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে হিঁচড়ে সড়কের পাশে নিয়ে যায়। লাঠি এবং লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় তাকে। এ সময় কোনও একটি সংবাদ প্রকাশের কথা বলছিল হামলাকারীরা। পরে তার বাম হাত ভেঙে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে তারা চলে যায়।

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ছিলেন সাংবাদিক নজরুল। থানার মধ্যেও তার ওপর হামলা হয়েছিল। উপজেলা প্রশাসন তাকে নিষিদ্ধ করেছিল। মব সৃষ্টি করে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রেস ক্লাব এবং সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে সাংবাদিক নজরুল ইসলামের ওপর হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সাংবাদিক সংগঠনের পক্ষে মাকসুদ আলম হাওলাদারসহ গণমাধ্যম কর্মীরা হাসপাতালে অবস্থান নেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্বৃত্তরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।