দাবানল থেকে বাঁচতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল

ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে সৃষ্ট দাবানল কোনভাবেই নিয়ন্ত্রনে আসছে না। আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েল। 

এই দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা। এরইমধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এছাড়া গ্রীস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে,  প্রায় ১২০টি দল এবং ১২টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার দাবানল মোকাবিলায় কাজ করছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট ১ মহাসড়কে আগুন জ্বলছে এবং আশেপাশের পাহাড়ের চূড়ায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এসময় অনেক মানুষ তাদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন।
 

বুধবার (৩০ এপ্রিল) ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, ‘আমরা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের মধ্যে রয়েছি।’