মুন্সীগঞ্জে প্রাইভেটকার চাপায় পথচারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখালী এলাকায় বেপরোয়া প্রাইভেটকারের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

এ সময় ঘাতক প্রাইভেটকারটিকে এক অ্যাম্বুলেন্স চালক ১০০ মিটার ধাওয়া করে আটক করেন। তবে চালক ও ভেতরে থাকা যাত্রীরা পালিয়ে যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত কার্যক্রম চলছে। প্রাইভেটকারটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।