ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এক দলের অবস্থান ১৪তম আরেক দলের ১৬তম স্থানে। লিগে এই মৌসুমে বাজে পারফর্ম করা দুটি দলকেই ইউরোপিয়ান মঞ্চে দেখা যাচ্ছে ভিন্ন মেজাজে। ইউরোপা লিগের ফাইনালের যাওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে এই দুটি দল। দল দুটির নাম ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। সেমির প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ম্যানইউ ৩-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। আরেক ম্যাচে নিজেদের মাঠে টটেনহ্যাম ৩-১ গোলের জয় পেয়েছে বোদোর বিপক্ষে। প্রথম লেগে অনেকটা এগিয়ে থাকায় ২২ মে বিলবাওয়ের মাঠ সান মেমেসে ‘অল ইংল্যান্ড’ ফাইনাল হতে পারে।
ফাইনালের মাঠ সান মেমেসেই সেমির প্রথম লেগে বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল ম্যানইউ। প্রথমার্ধেই স্কোর ৩-০ করে রেড ডেভিলরা। শুরুটা করেন কাসেমিরো। ৩০ মিনিটে হেডে গোল করে। ৩৫ মিনিটে বক্সের ভেতর ম্যানইউ স্ট্রাইকার রাসমুস হইলুন্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাওয়ের দানি ভিভিয়ান। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ৪৫ মিনিটে
সেই ফার্নান্দেজই করেন ম্যাচে দলের তৃতীয় গোল।
বড় জয় পেলেও ফাইনাল নিয়ে দলের খেলোয়াড়দের বার্তা দিয়ে রাখলেন ম্যানইউ কোচ রুবেন আমোরিম, ‘আমি মনে করি, তাদের এখন ফিরতি লেগ নিয়ে ভাবা উচিত। পুরো ম্যাচের চেয়ে তাদের এখন ভাবতে হবে ম্যাচের প্রথম ২০ মিনিট নিয়ে। এখন অ্যাওয়ে গোলের সুবিধা নেই, ফলে যে কোনো কিছু হতে পারে।’ প্রিমিয়ার লিগে ৩৪ রাউন্ড শেষে ম্যানইউ আছে ১৪ নম্বরে। লিগে এখন পর্যন্ত জিতেছে ১০ ম্যাচ, ড্র ৯টি, হার ১৫টি। সেই ম্যানইউ ইউরোপাতে অপরাজিত। দুই জায়গায় দলের পারফরম্যান্সের তফাৎ আর কারণ খুঁজে পাচ্ছেন না ম্যানইউ কোচ। আমোরিম বলেন, ‘এটা ব্যাখ্যা করা কঠিন। গত কয়েকটি ম্যাচে আমরা উন্নতি করেছি (প্রিমিয়ার লিগে)। আমি স্রেফ ফলাফল দেখি না। দারুণ কিছু ম্যাচ আমরা জিতেছি, যা ভালো খেলিনি, আবার কিছু ম্যাচে ভালো খেলেও হেরেছি। এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। প্রিমিয়ার লিগে আমরা ম্যাচের পর ম্যাচ ভুগছি। কিছু চোট সমস্যাও সামলাতে হচ্ছে।’
নিজেদের মাঠে টটেনহ্যামের হয়ে গোল তিনটি করেন ব্রেসনান জনসন, জেমস ম্যাডিসন ও ডমিনিক সোলাঙ্কি। বোদোর হয়ে একটি গোল শোধ দেন উলরিক সল্টনেস। ৮ মে ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।