বৃহস্পতিবার রাতে ঢাকায় পা রাখার পর শুক্রবার দুপুরে সিলেটে পৌঁছেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আজ শুরু হবে তাদের অনুশীলন।
নিউজিল্যান্ড এ দলের স্কোয়াডে আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৯ জন ক্রিকেটার। সাদা ও লাল বলের দুই সংস্করণে আলাদা অধিনায়ক নিয়ে এসেছে তারা। জো কায়ার্ট নেতৃত্ব দেবেন লাল বলের, আর নিক কেলি থাকবেন সাদা বলের নেতৃত্বে। সদ্য পাকিস্তানের বিপক্ষে অভিষেকে ২৪ বলে হাফ সেঞ্চুরি করা ২১ বছর বয়সী মোহাম্মদ আব্বাসও এসেছেন এই সফরে। বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান এর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। ডিপিএলের সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলে ফেলায় মোস্তাফিজের ম্যাচ অনুশীলন যথেষ্ট হয়েছে বলে মনে করছেন নির্বাচকরা। তাই অন্য কাউকে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘জাতীয় দলের ভবিষ্যৎ সিরিজকে সামনে রেখে মোস্তাফিজকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত।’
আগামী ৫ মে শুরু হবে ওয়ানডে সিরিজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুদল। একই ভেন্যুতে ৭ ও ১০ মে হবে বাকি দুটি ম্যাচ। এরপর লাল বলের দুটি চারদিনের ম্যাচও রয়েছে সূচিতে। প্রথমটি ১৪ থেকে ১৭ মে এবং দ্বিতীয়টি ২১ থেকে ২৪ মে। প্রথম চারটি ম্যাচ হবে সিলেটে, শেষ ম্যাচ মাঠে গড়াবে মিরপুরে।