কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মাঝে রাজনৈতিক উত্তেজনা চলছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানি ক্রীড়াবিদদের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরামসহ পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে দেখা যাচ্ছে না।
ভারত থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই একটা বার্তা দেওয়া হচ্ছে, ‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। আমরা এই কনটেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার–সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট এলাকায় এটি স্থানীয় আইনের পরিপন্থী। তাই এই কনটেন্টটি সীমাবদ্ধ করা হচ্ছে।’
জানা গেছে, ভারত থেকে বাবর-রিজওয়ানরা ছাড়াও শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শাদাব খান, ইমাম–উল–হক, নাসিম শাহ, হাসান আলী, টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দেখা যাচ্ছে না। হয়। এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি ও বাসিত আলীর ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত অধ্যুষিত কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে জঙ্গিদের গুলিতে ২৬ জন মারা যান। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। দুই দেশের মাঝে যুদ্ধকালীন উত্তেজনা চলছে। দুই দেশের সাবেক ক্রিকেটাররা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। ভারত থেকে পাকিস্তানি নাগরিকদের বের করে দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ‘ডিজিটাল ক্র্যাকডাউনের’ অংশ হিসেবে পাকিস্তানি তারকাদের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করছে ভারত।