নারীদের অধিকার আদায়ে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। আগামী ৩ মাসের মধ্যে প্রত্যেক বিভাগে সম্মেলন ও ২৩ মে বাদ জুমা সারাদেশে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। 

শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান।

এদিন দুপুর ১ টা ১১ মিনিটে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর মুনাজাতের মাধ্যমে আজকের মহাসমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টায় মহাসমাবেশ শুরু হয়।

হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিল করা হবে।

এছাড়া নারীর ন্যায্য অধিকার আদায়ে আগামী মাসগুলোতে হেফাজতে ইসলাম মাঠে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংস্কারের নামে সংবিধানে পশ্চিমা ধ্যান-ধারণায় বিশ্বাসী নারীবাদী ও বহুত্ববাদের দর্শনকে বাংলার মানুষ গ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী এবং পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।