হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার বিকাল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, হুজুরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেছেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান হুজুর। প্রধানমন্ত্রীর সাথে হুজুরের বৈঠক হয়। প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে তাকে স্বাগত জানান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী ।
এর আগে মাদ্রাসা স্থলে এসে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে ছুটে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
প্রবীন ইসলামী পন্ডিত শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ।
বৈঠকের পর প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় আসেন। এতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বিশেষ প্যান্ডেল। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাঁশখালী থেকে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাড নামেন। সেখান থেকে সড়ক পথে হাটজারির বাবুনগর মাদ্রাসায় আসে।
