নড়াইলে পাওয়ার টিলার কেড়ে নিলো দোকানে দাড়িয়ে থাকা হুসাইন (১০) নামে এক শিশুর প্রাণ। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার শুভারঘোষ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন শুভারঘোষ গ্রামের রমজান শেখের ছেলে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।
নিহতের প্রতিবেশী দাদা শহীদ শেখ জানান, হুসাইন শনিবার সকাল ১০টার দিকে প্রাইমারি স্কুলের পাশে একটি দোকানে খাবার কিনতে যায়। সেখানে সে দাড়িয়ে ছিলো। এ সময় মাঠ থেকে ধান আনার কাজে ব্যবহৃত পাওয়ার টিলারটি রাস্তা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দোকানের সামনে দাড়িয়ে থাকা শিশুটির মাঁথায় আঘাত লেগে মাঁথা থেঁতলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করে লোকজন। তারপরও তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।