ঝালকাঠি জেলার নলছিটিতে থামানো অটোরিকশার সাথে মাহিন্দ্রার ধাক্কায় দুইজন মারা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হন। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল -পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, একটি থামানো অটোরিকশাকে পটুয়াখালী থেকে আসা বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা ও চালক ছিটকে খাদে পড়ে যায়। এতে মাহিন্দ্রার সকল যাত্রী আহত হন। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পরেই মাহিন্দ্রা চালক পালিয়ে গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুস সালাম বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাহিন্দ্রাটি আমাদের হেফাজতে রয়েছে।