খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে।
শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আলী ইমাম বলেন, চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষকদের ন্যায্যমূল্য পেতে হবে। কৃষকরা যাতে উৎপাদনে উৎসাহী হয় সেই দিকটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। তবে আমরা ওই দিকে সর্তক আছি। সুতরাং চালের দাম কমে আসলে আটার দামও কমে আসবে।
গমের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, মধ্যবিত্তদের মধ্যে গমের চাহিদা বেড়েছে। সমাজে সকলে আমরা এক বেলা রুটি খাই। আগে মানুষ তিন বেলা ভাত খেত। সেক্ষেত্রে দেশে প্রতি বছর গমের চাহিদা কমপক্ষে প্রায় ৭০ লাখ টন। এর মধ্যে অভ্যন্তরীণ মাত্র ১০ লাখ টন উৎপাদিত হয়। বাকি আরো ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়। সরকারিভাবে যেগুলো আমরা আমদানি করি সেটার কিছু পরিমাণ আমরা ওএমএসে দেই। বাকিটা রেশনিংয়ে পুলিশ, মিলিটারি, আনসার, জেলখানাসহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়।
তিনি আরো বলেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুন করে আরো ভালোভাবে টিসিবি সহ খাদ্য বান্ধব কর্মসূচী চালু করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।