ফেনীতে শিয়ালের মাংস বিক্রি করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফেনীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ মে) সন্ধ্যায় শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রয় করছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এ অভিযুক্ত ওসমান গনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, ‘অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’