বিকল্প উপায়ে নিয়োগ চান বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকরা

দেশে চিকিৎসক সংকট নিরসনে চলমান তিনটি বিসিএসে উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন।

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বটতলায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের চিকিৎসক পরিষদ এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৬তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ডা. মো. সারোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে এফসিপিএস প্রশিক্ষণার্থী ডা. আব্দুল্লাহ ইবনে এনাম বলেন, ‘বর্তমানে দেশে যে চিকিৎসক সংকট চলছে। উপজেলাগুলোয় রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। একজন চিকিৎসককে চারশ থেকে পাঁচশ রোগী দেখতে হচ্ছে। সরকার স্বাস্থ্য খাতের অচলাবস্থা নিরসনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জরুরি ভিত্তিতে দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে চায়, এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের উদ্বেগের বিষয়টি হচ্ছে, আমরা যারা ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের বিভিন্ন ফলপ্রার্থী, এই বিসিএসগুলো যদি এখন সম্পন্ন না করা হয়, সে ক্ষেত্রে ৪৮তম বিসিএসে এই প্রার্থীরাই আবার বসবে, যা জটিলতা তৈরি করবে। সুতরাং যেকোনো একটি বিকল্প উপায়ে দ্রুত নিয়োগের দাবি আমাদের।’

সংবাদ সম্মেলনে যে চারটি দাবি তুলে ধরা হয়, সেগুলো হলো ১. সুপারিশের জন্য অপেক্ষমাণ ৪৪তম, মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমাণ ৪৫তম এবং লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমাণ ৪৬তম বিসিএসের চিকিৎসক প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দিতে হবে।

২. এরপর বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। সরকার ঘোষিত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে যেন কোনোভাবে ওভারল্যাপিং না হয়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

৩. বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএসের প্রজ্ঞাপনেই চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে।

৪. বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের উল্লেখযোগ্যসংখ্যক পদ সৃষ্টি করতে হবে।