গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দেড় বছরের শিশু আরাফাত হোসেন আয়ান মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেল তিনজন।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান। তিনি জানান, আয়ানের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। সে সকালে মারা যায় বির্তমানে পারভিন ৩২ শতাংশ ও তানজিলা ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা আক্তার (৩০), তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আয়ান।
মৃত আয়ানের চাচা আরিফ হোসেন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়। আয়ানের বাবা মাজহারুল ইসলাম পোশাক শ্রমিক, আর মা পারভিন গৃহিণী। ঘটনার দিন ছেলেকে নিয়ে ঘরেই ছিলেন পারভীন। হঠাৎ বিস্ফোরণ হলে আগুন লেগে মা ও ছেলে দগ্ধ হয়।