যেকোনও দুর্যোগ ও দুর্বিপাকে প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আজ রবিবার সকালে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে আয়োজিত ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার’স ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত বিভিন্ন পদবির ৪৫ জন কর্মকর্তা ও ফায়ারফাইটারকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক, পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশি., পরি. ও উন্ন.) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালকগণসহ বিভিন্ন পদবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপা. ও মেইন.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এরপর অপারেশনাল কাজে নিহত বিশ্বের সকল ফায়ারফাইটারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সূচনা বক্তব্যের পর সারা দেশ থেকে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে পারদর্শিতা ও সাহসিকতা প্রদর্শনের জন্য নির্বাচিত বিভিন্ন পদবির ৪৫ জন কর্মকর্তা ও ফায়ারফাইটারকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১টি করে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে ঠাকুরগাঁও জেলার ইন্সপেক্টর মোজাম্মেল হক তার প্রতিক্রিয়ায় এই প্রথম ফায়ার সার্ভিসের নিজস্ব উদ্যোগে এমন সম্মাননা প্রদান করায় মহাপরিচালকের প্রতি ধন্যবাদ জানান। সকল কর্মকর্তাদের মধ্য থেকে ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মহাপরিচালক বলেন, আপনারা দগ্ধ ভবনে প্রবেশ করেন, সড়ক ও নৌযান দুর্ঘটনায় ছুটে যান; ধ্বংসস্তূপের নিচ থেকে জীবনের স্পন্দন খুঁজে আনেন। আর এর মাধ্যমে আপনারা অর্জন করেছেন সকলের আস্থা ও ভালোবাসা। আপনাদের এই ত্যাগ ও অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে এ অধিদপ্তর থেকে আজকে আমরা সম্মাননা জানাচ্ছি। এই সম্মাননা প্রদানের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিদ্যমান সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সকলের উদ্দেশে বলেন, সকল ধরনের অপারেশনে আমাদের ফায়ারফাইটারগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতেও যেকোনও দুর্যোগ ও দুর্বিপাক সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবো। আপনাদের প্রজ্ঞা, দক্ষতা ও মানবিকতার প্রতি ভালোবাসা এ অধিদপ্তরের প্রতিটি অপারেশনাল কাজকে করেছে সফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা প্রকাশ করি।
পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোজাম্মেল হক সভাপতির বক্তব্যে সকল ফায়ারফাইটারদের মনোবল উজ্জীবিত করতে এবং অপারেশনাল কাজকে আরও বেগবান করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।