রিয়াল এল ক্লাসিকোতে নিয়ে গেল শিরোপা লড়াই

প্রায় সব হারানো রিয়াল মাদ্রিদের ভরসা এখন লা লিগার শিরোপা। যেখানে প্রতিটি ম্যাচ এখন রিয়ালের জন্য বাঁচা-মরার। একটি হার কিংবা ড্র রিয়ালের স্বপ্নকে মিশিয়ে দিতে পারে ধুলোয়। যার ফলে মৌসুমও তাদের শেষ করতে হতে পারে শূন্য হাতে। তেমনই এক পরিস্থিতিতে গতকাল সেলতা ভিগোর বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রিয়াল।

আগের রাতে বার্সেলোনা ২-১ গোলে হারায় ভায়াদোলিদকে। আর গতকাল রিয়াল মাদ্রিদ সেলতা ভিগোর বিপক্ষে ৩-২ গোলের জয়ে ৩৪ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্টের ব্যবধান ৪-ই রইল। আগামী রবিবার পরের ম্যাচেই মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটিতেই হতে পারে লা লিগার শিরোপা নির্ধারণ। ম্যাচটিতে জিতলে আশা বাঁচিয়ে রাখতে পারবে রিয়াল আর হারলে ট্রফি উঁচিয়ে ধরে রাখার সম্ভাবনা এক রকম শেষ হয়ে যাবে বললেই চলে। 

দুপুরে ছাদঢাকা সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই রিয়াল এগিয়ে যায় দুই গোলে। ৩৩ মিনিটে কর্নারের পর লুকাস ভাসকেসের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। ৬০ মিনিট পর সমতা প্রায় ফিরিয়েই ফেলছিল সেলতা। ইগলেসিয়াসের শট চুয়ামেনির পায়ে লেগে অনেকটা বাউন্স করে জালের দিকে যাচ্ছিল। ঝাঁপিয়ে সেটি ব্যর্থ করে দেন রিয়াল গোলকিপার কোর্তোয়া। প্রতি আক্রমণ থেকে গোল করেন এমবাপ্পে। এমবাপ্পেকে দারুণভাবে লং বলটি দিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে গুলেরের পাস থেকে ফের ব্যবধান বাড়ান এমবাপ্পে। এই মৌসুমে লা লিগায় তার গোল হলো ২৪টি। ২৫ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি।

৮ মিনিটের মধ্যে দুই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে সেলতা। ৬৯ মিনিটে জাভি রদ্রিগেজ, ৭৬ মিনিটে উইলিয়ট সুইডবের্গ গোল করেন। রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া এরপর দারুণ একটি সেভ দেন তাতে ম্যাচে সমতা ফেরেনি।

শনিবার বার্সার বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে এগিয়ে গিয়েছিল ভায়াদোলিদ সানচেজের গোল। ৫৪ মিনিটে রাফিনহা ও ৬০ মিনিটে ফেরমিন লোপেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।