২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, এটি এখনো প্রাথমিক একটি খসড়া তালিকা, যাচাই-বাছাই শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এটি একটি প্রাথমিক তালিকা। তথ্য যাচাই ও অনুসন্ধান এখনো চলছে। চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগবে।’
তবে নিহতের সংখ্যা নিয়ে নানা মতভেদ ও বিতর্ক রয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে স্বাধীন অনুসন্ধানের ভিত্তিতে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে।
অন্যদিকে তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট নিজস্ব অনুসন্ধানে জানান, ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ, নারীনীতির বিরোধিতা এবং আরও কিছু দাবিদাওয়া নিয়ে হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। হাজার হাজার কওমি মাদ্রাসার আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লির অংশগ্রহণে ওইদিন অনুষ্ঠিত হয় মহাসমাবেশ।
রাত গভীর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সমাবেশকারীদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের কথা জানা যায়। হেফাজতের দাবি, ওই অভিযানে বহু মানুষ প্রাণ হারান। এবার তাদের মধ্যে ৯৩ জনের নাম প্রকাশ করা হলো।
প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য উল্লেখ রয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, নিহতদের অধিকাংশই ছিলেন তরুণ।