অভিষেকের পর থেকেই ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এরই মধ্যে ব্রাজিলের হয়ে খেলেছেন ৩৩ ম্যাচ। অথচ সেই রাফিনহা কিনা অভিষেকের আগে সন্দিহান ছিলেন দেশকে প্রতিনিধিত্ব করা নিয়ে। বার্সেলোনা ফরোয়ার্ড জানিয়েছেন, ইতালির হয়ে খেলার কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি।
রাফিনহার বাবা রাফায়েল দায়াস বেলোলি ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় তার ছেলে ইতালি জাতীয় দলের হয়ে খেলার যোগ্য হন। রাফিনহার ইতালিয়ান পাসপোর্টও আছে। ব্রাজিল দলে অভিষেকের আগে আজ্জুরিরা চেষ্টা করেছিল রাফিনহাকে দলে ভেড়াতে। কীভাবে ইতালির হয়ে খেলার খুব কাছাকাছি গিয়েও সিদ্ধান্ত বদল করেন, সাংবাদিক ইসাবেলা প্যাগলিয়ারিকে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেন রাফিনহা।
তিনি বলেন, 'আমি ইতালি জাতীয় দলের ডাকে সাড়া দেওয়ার খুব কাছাকাছি ছিলাম। ইতালির ইউরো ২০২০ দলে আমারও থাকার কথা ছিল। আমি দলে জায়গা পাওয়ার পথেই ছিলাম। তবে পাসপোর্টটা সময় মত হাতে না আসায় সেটা আর হয়নি। সেই সময়ে ইতালি জাতীয় দলের খেলোয়াড়রা আমার খোঁজ নিত। জর্জিনহো আমাকে সারাক্ষণ ফোন করতো। সেই সময়েও আমার মনে এক শতাংশ আশা ছিল যে আমি ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে খেলব আর সেটাই হয়েছে পরে। কারণ, ভাগ্যক্রমে আমার ইতালিয়ান পাসপোর্টটা সময়মতো প্রস্তুত হয়নি।'
ইতালির ডাকে সাড়া না দেওয়া রাফিনিয়া ওই বছরই প্রথম ডাক পান ব্রাজিল দলে। ২০২১ সালের ৮ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে অভিষেক হয় তার।