হাইকোর্টের স্থগিতাদেশ

বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ে পশুরহাট নয় 

ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি’র (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ এসেছে উচ্চ আদালত থেকে।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (৫ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুলসহ এ স্থগিতাদেশ দেয়। স্থানীয় এক বাসিন্দা আজাদ আলী এ রিট আবেদনটি করেন।

প্রসঙ্গত, এর আগে পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর মেরাদিয়া বনশ্রী খালপাড় এলাকা ও আফতাফনগরে অস্থায়ী পশুরহাট বসানোর সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। 

ঈদুল আজহা উপলক্ষে গত ২৯ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ডিএনসিসি। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে ‘বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থ ব্লক-এম- ৪, এম-৫, এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), স্যানভ্যালি (আংশিক) এর খালি জায়গা পশুর হাটের বিষয়টি উল্লেখ করা হয়। রিটে ওই বিজ্ঞপ্তির ৩ কলাম নিয়ে প্রশ্ন তোলে এ রিট আবেদনটি করা হয়। 
আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো.  আনোয়ার হোসেন (হুসাইন আনোয়ার) ও মো. আলী খান। এতে স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ডিএনসিসি’র প্রশাসক ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে বিবাদী করা হয়।

আইনজীবী আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আবাসিক এলাকায় সিটি করপোরেশনের পশুরহাট বসানোর কোনো সুযোগ নেই। আদালত আমাদের বক্তব্য শুনে স্থগিতাদেশ ও রুল দিয়েছেন।’