আনোয়ারায় অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় একটি ভাড়া বাসা থেকে আরাফাতুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। সোমবার (৫ মে) রাত ৮টার দিকে উপজেলার কালাবিবির দীঘি মোড়ের রাজু কলোনির ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরাফাত উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিপাড়া এলাকার মোহাম্মদ কায়ছারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে জানালা দিয়ে বাসার ভেতর রশিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করা হয়। পরে আনোয়ারা থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আরাফাতের বাবা মোহাম্মদ কায়সার জানান, এক বছর আগে স্থানীয় সরেঙ্গা গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়।পরে তারা বিয়ে করে ভাড়া বাসায় থাকত।তবে তারা কোথায় বাসা নিয়েছে সেটা আমরা জানতাম না। এখন জানতে পারলাম সে একটি বাসায় আত্মহত্যা করেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।