আরব আমিরাত ও পাকিস্তান সফরের পর বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। সেখানে অবশ্য শুধু টি-টোয়েন্টি নয়, বাংলাদেশ খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। দেশটির ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে গতকাল এই সিরিজের সূচি প্রকাশ করেছে।
আগামী ১৭ জুন টেস্ট দিয়ে শুরু হবে মাঠের ক্রিকেট। তার উদ্দেশে ১৩ জুন লঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। আর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সফর। প্রায় এক মাসের সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।
সবশেষ ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে পাল্লেকেলেতে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রথম টেস্টটি ড্র করলেও দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরে গিয়েছিল ২০৯ রানের ব্যবধানে। এবারের সফরে বাংলাদেশ টেস্ট খেলবে গল ও কলম্বোয়। সাদা পোশাকের পর রঙিন পোশাকে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথম দুটি কলম্বোয় ও শেষটি হবে পাল্লেকেলেতে। আমিরাত ও পাকিস্তান মিলিয়ে সাতটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে লঙ্কায় আরও তিন ম্যাচের সিরিজ খেলবে নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ। আগামী বছর ভারতের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ^কাপ।
একনজরে শ্রীলঙ্কা সফরের সূচি
টেস্ট সিরিজ
গল ১৭-২১ জুন
কলম্বো ২৫-২৯ জুন
ওয়ানডে সিরিজ
কলম্বো ২ জুলাই
কলম্বো ৫ জুলাই
পাল্লেকেলে ৮ জুলাই
টি-টোয়েন্টি সিরিজ
পাল্লেকেলে ১০ জুলাই
ডাম্বুলা ১৩ জুলাই
কলম্বো ১৬ জুলাই