ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, রাজধানী তুরাগের প্রধান প্রধান সড়কসহ সংযোগ সড়কগুলো খানাখন্দ করে রাখা হয়েছে। এসব সড়ক দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে সমস্যা হয়, আবার হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। আর অল্প বৃষ্টিতে হয় হাঁটু পানি। নির্ধারিত সময়ের মধ্যেই এসব সড়কের সংস্কারকাজ শেষ করার অনুরোধ জানান তিনি। গতকাল সোমবার দুপুরে তুরাগের কামারপাড়া এলাকায় তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলামের বাবার কুলখানি অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।
মোস্তফা জামান বলেন, ‘অচিরেই সড়কের সংস্কারের কাজ শেষ করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের সময় বিভিন্ন সড়কে কাজের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এসব দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া ঠিকাদার কোম্পানি সঠিক কাজ না করেও তাদের পকেট ভারী করেছে। আমরা এসব দুর্নীতি সহ্য করব না।’