চিন্ময়কে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরো চার মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। 

গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের করা তিনটি এবং আইনজীবী আলিফের ভাইয়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। এর আগে সোমবার (৫ মে) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। এ নিয়ে মোট পাঁচটি মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হলো। গত বছরের  ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কোতোয়ালী থানায় হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালত। 

পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তারা এ সময় প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। 

এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে নগরের কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে চিন্ময়ের নির্দেশে তার অনুসারীরা আইনজীবী আলিফকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একই ঘটনায় আলিফের ভাই খানে আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে বিস্ফোরণ আইনে আরেকটি মামলা করেন।