কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে একই গ্রামের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সাড়ে ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া শিক্ষার্থীরা হলো- চরটেকী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার বর্ষা (১৫)। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক জানান, মঙ্গলবার দুপুর ১টায় শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয় তারা। পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বর্ষা আক্তারকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কিশোরগঞ্জে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে সেও মারা যায়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে আলম খান জানান, বজ্রপাতে ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যান। হিমা আক্তার বর্ষাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার্ড করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের সহায়তা করা হবে।