এতো বছর পর এসে কোহলি জানালেন কেন ছেড়েছিলেন অধিনায়কত্ব

২০২১ সালে একই বছরে ভারতীয় জাতীয় দল ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এতো দিন পরে এসে আরসিবির একটি অনুষ্ঠানে এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণ সম্পর্কে মুখ খুলেছেন এ তারকা। কোহলি জানিয়েছেন, বছরের পর বছর অধিনায়কত্বের চাপ সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। প্রত্যাশার চাপ তার মুখের হাসি কেড়ে নিয়েছিল। সেই কারণেই দায়িত্ব ছেড়েছিলেন তিনি।

কোহলি বলেন, ‘২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমি ক্রমাগত পরামর্শ পেয়েছি আইপিএলে অন্য দলে যাওয়ার। একটা সময় পরে বিষয়টা কঠিন হয়ে পড়েছিল। আমি ৭-৮ বছর ধরে ভারতের অধিনায়কত্ব করেছি। ৯ বছর বেঙ্গালুরুর। আমি ব্যাট হাতে নামলেই সবাই ধরে নিতেন ম‍্যাচ জিতিয়ে ফিরবো। লাগাতার এই চাপ সহ্য করতে পারছিলাম না। তাই দুটো দায়িত্বই ছেড়েছি।’

অধিনায়কত্বের চাপ ক্রিকেটের প্রতি ভালোবাসা কমিয়ে দিয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন কোহলি। কোহলি বলেন, ‘ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আমার খেলা শুরু। আমি মাঠে নামতে ভালোবাসি। ব্যাট করতে ভালোবাসি। নিজের খেলা নিয়ে ভাবতে ভালোবাসি। কিন্তু অধিনায়ক হওয়ার পর ২৪ ঘণ্টা আমার উপর ক্যামেরার নজর থাকত। খেলার প্রতি ভালোবাসা কমছিল। মনে হচ্ছিল, শুধু একটা কাজ করছি। আমি আনন্দে থাকতে চেয়েছিলাম। ক্রিকেটের প্রতি ভালবাসা ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এমন একটা জায়গায় থাকতে চেয়েছিলাম যেখানে নিজের ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবতে না হয়।’

কঠিন সময়ে বেঙ্গালুরু ছাড়ার কথাও ভেবেছিলেন কোহলি। শেষমেশ সরে আসেন ওই ভাবনা থেকে। বলেন, ‘মাঝে মাঝে আমার মনে হতো, আমি কি এই দলকে নিজের সবটা দিতে পারছি। এই দলের সমর্থকেরা সবসময় আমাকে ভালোবেসেছে। আমার হয়ে গলা ফাটিয়েছে। কিন্তু আমি কী করেছি? তবে এত বছর পরে বুঝেছি, এই দলটা আমার ঘর। এতো বছরে এই সম্মান আমি অর্জন করেছি। যতো দিন আইপিএল খেলব, এই দলেই খেলব। আমি এখন এ ভাবেই ভাবি।’