ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, হামলার জেরে নিরাপত্তার স্বার্থে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে পরে তা আবার চালু করা হয়। এ নিয়ে টানা দুদিন মস্কোতে ড্রোন হামলা চালাল কিয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার তারা ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন সামাজিক মাধ্যমে বলেছেন, শহরের দিকে বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, ধ্বংসাবশেষ শহরে প্রবেশের একটি প্রধান মহাসড়কে পড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মস্কো ছাড়াও পেনজা-ভোরোনেজসহ অন্যান্য রুশ শহরের গভর্নররাও তাদের শহরগুলোয় ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। ইউক্রেন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে খারকিভের মেয়র জানিয়েছেন, রাশিয়া সোমবার রাতেই খারকিভ শহরসহ কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।

তিন বছরের বেশি সময় আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করার পর থেকে কিয়েভ একাধিকবার মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে সবচেয়ে বড় এক হামলায় তিনজন নিহত হয়। সোমবার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের নতুন করে প্রবেশের চেষ্টার খবরের পর এ ঘটনা ঘটল। ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, রবিবার রাশিয়ার তিওতকিনো গ্রামের কাছে কুরস্ক অঞ্চলে একটি ড্রোন কমান্ড ইউনিটে হামলা চালানো হয়েছে।