ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা সামরিক উত্তেজনার আঁচ গিয়ে পড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। অপারেশন সিঁদুরের জেরে বন্ধ হয়ে গেছে ধর্মশালা বিমানবন্দর। এর প্রভাব সরাসরি পড়েছে আইপিএলের ভেন্যুতে। ফলে আগামী ১১ মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের নির্ধারিত ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে মুম্বাইয়ে।
ভারতের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু ১১ মে নয়, ধর্মশালায় ৯ মে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটিও স্থানান্তরের প্রক্রিয়ায় রয়েছে। যদিও ওই ম্যাচটি নতুন করে কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
চলতি আসরে ধর্মশালাকে দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে পাঞ্জাব কিংস। তাদের তিনটি ম্যাচ সেখানে হওয়ার কথা থাকলেও এরই মধ্যে একটি অনুষ্ঠিত হয়েছে—৪ মে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় বাকি দুই ম্যাচের ভেন্যু পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।
অপারেশন সিঁদুরের পর ভারতের সীমান্তঘেঁষা একাধিক বিমানবন্দর আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট। প্রাথমিকভাবে ১০ মে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এসব বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ফলে ভ্রমণ নিয়ে জটিলতায় পড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ধর্মশালায় ৯ মে'র ম্যাচের জন্য এরই মধ্যে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস দল সেখানে পৌঁছে গেছে। সপ্তাহের শেষে সেখানে যাওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সেরও, তবে সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় তারা মুম্বাইতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আইপিএল কর্তৃপক্ষ এবং বিসিসিআই যে কোনো সময় এই ভেন্যু পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত-ঘেঁষা শহরগুলোতে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।