নারায়ণগঞ্জে নবজাতকদের জন্য বিশেষায়িত ইউনিট চালু 

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

আজ বুধবার সকালে স্থানীয় সেবাপ্রার্থীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জহিরুল ইসলাম বলেন, যন্ত্রপাতি থাকলেও অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহসহ বিভিন্ন সমস্যার কারণে আগে নবজাতকদের জন্য বিশেষায়িত সেবাটি চালু করা যায়নি। কিন্তু জেলা প্রশাসকের ব্যক্তিগত হস্তক্ষেপে সব জটিলতা দূর করে বিশেষায়িত ইউনিটটি চালু হলো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আর প্রিম্যাচিউর নবজাতক, কম ওজন ও শ্বাসকষ্ট নিয়ে জন্ম নেওয়া ও জন্ডিসে আক্রান্ত নবজাতকের চিকিৎসায় বিশেষ পরিচর্যার জন্য রোগীদের নিয়ে রাজধানীতে যেতে হবে না। জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা দ্রুতই কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাও চালু করার চেষ্টা করছি।

নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, এই বিশেষ ইউনিট চালু হওয়ায় নবজাতকদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। জেলা প্রশাসক নিজে উদ্যোগী হয়ে গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন যাতে নবজাতক শিশুদের বিশেষায়িত সেবা কার্যক্রম শুরু করতে পারি।

এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক।