জামালপুরে ডাব চুরি করতে গিয়ে গাছে আটকা কিশোর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

জামালপুর শহরে ডাব চুরি করতে নারিকেলগাছে উঠে প্রায় তিন ঘণ্টা আটকে ছিল ১৫ বছর বয়সী এক কিশোর। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাকে নিরাপদে গাছ থেকে নামানো হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় জিন্নাত উকিলের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।  

জানা যায়, শেরপুর জেলার কুলুরচর বেপারীপাড়ার সোহেল মিয়ার ছেলে মমতাজ বাড়ির আঙিনা ফাঁকা পেয়ে নারিকেলগাছে উঠে ডাব পাড়তে শুরু করে। এ সময় শব্দ পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে ভয়ে গাছের ওপরেই বসে থাকে সে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে গাছ থেকে নামাতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা তাকে আশ্বস্ত করলে রাত ১২টার দিকে ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসে মমতাজ। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ডাব চুরি করতে গাছে ওঠার পর লোকজনের উপস্থিতি টের পেয়ে কিশোরটি আর নিচে নামতে পারছিল না। পরে সবার সহযোগিতায় পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে তাকে নিরাপদে নামিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত