সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুষ লেনদেনের ভাইরাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের লাগাতার অবস্থান কর্মসূচি হওয়ায় সারাদেশে একযোগে বিআরটিএ অফিস গুলোতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালায় মাদারীপুর দুদক।
বুধবার (৭ মে) দুপুরে চালানো অভিযানে বিআরটিএ অফিস, প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠ ও আশেপাশের কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায় দুদক। ওই সময় দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। এ ছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথেও কথা বলেন। প্র্যাক্টিক্যাল পরীক্ষার মাঠে গিয়ে পরীক্ষা দিতে আসা লোকজনের সাথে কথা বলেন। সর্বশেষে বিআরটিএ অফিসের পেছনে কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায়। তবে এ অভিযানে কাউকে আটক করেনি দুদক।
মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে সারাদেশে একযোগে বিআরটিএ অফিসে দুদক অভিযান চালিয়েছে। ঘুষ লেনদেনসহ বেশকিছু অভিযোগ আছে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং কিছু কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছি। ডকুমেন্টসহ সবকিছু পর্যালোচনা করে সত্যতা পাওয়া মাত্রই আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।