পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে এবং অভিযুক্ত স্বামী সুজন রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি প্রবাসী সুজন মুন্সীর সাথে পারিবারিক ভাবে মাইসার বিয়ে হয়। পরে স্বামীর পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মাইসাকে একাধিকবার মারধর করে সুজন। একপর্যায়ে বুধবার বিকেলে মাইসাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পরিবারের। 

পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে নিহতের পরিবারকে খবর দেয় সুজন। এসময় শরীরে আঘাতের চিহ্ন দেখে রাজৈর থানায় খবর দেয় নিহতের স্বজনরা। হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। নিহত মাইসা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিতে চাইলে মামলা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত