ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মুন্সীগঞ্জে ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শামসুর আলম সরকার। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। 

পুলিশ সুপার জানান,  সোমবার (৫ মে) রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মো. রবিউল আলম নামে এক ব্যাক্তির গাড়ি পৌঁছলে ব্যাড়িকেড সৃষ্টি করে ৬ জনের একদল ডাকাত। এসময় ধারালো অস্ত্র হাতে গাড়ীর গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। কিন্তু চালক বুদ্ধি খাটিয়ে দ্রুতবেগে পিছুটান দেয় গাড়ী। এতে চালকের দক্ষতায় ডাকাতদের হাত থেকে রক্ষা পান গাড়ীতে থাকা লোকজন। 

তিনি আরও জানান, ওই গাড়ীটির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় ডাকাতদলের হানা দেওয়ার পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। আর ওই  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি অবগত হয়ে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদলের ৫ সদস্যকে  গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।