সীমানা পুনর্নির্ধারণের চার শতাধিক আবেদন ইসিতে

সীমানা পুনর্নির্ধারণের চার শতাধিক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনী গেজেট পেলেই কাজ শুরু করব। গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আমাদের কাছে ৬১টি আসন থেকে ৪০৫টি আবেদন জমা পড়েছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে সীমানা পুনর্র্নির্ধারণের সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে ৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানাও পরিবর্তন হবে। এতে আসন সংখ্যা কিছু বাড়তে পারে।

ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণেরর জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেব না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন।

তিনি বলেন, আমরা আইন সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করেছিলাম। মঙ্গলবার উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেই গেজেট পেলেই আমরা কাজ শুরু করব। এক্ষেত্রে সীমানা পুনর্র্নির্ধারণে আইনে যে সব পন্থা আছে, সেগুলোই অনুসরণ করা হবে।

 ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসি সচিব বলেন, গত ৫  মে নিবন্ধনের শেষ সময় ছিল। সর্বশেষ তথ্য পেলে জানাতে পারব।

প্রসঙ্গত, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্র্নির্ধারণের বিধান রয়েছে আইনে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অনেক অভিযোগ এসেছে ইসিতে। এক্ষেত্রে অনেকেই ২০০৮ সালের পূর্বের সীমানায় ফিরে যেতে চান।