২০ ওভারে দুই সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ওলটপালট

খেলা মাত্র ২০ ওভার বা ১২০ বলের। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে একজনের সেঞ্চুরি করাই কঠিন হয়ে যায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে সেই কাজ করে দেখালেন দুজন! গতকাল বুধবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এই কীর্তি গড়েন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের রাইলি রুশো এবং হাসান নওয়াজ।

পিএসএলের এক দশকের পথচলায় এক ইনিংসে জোড়া সেঞ্চুরির ঘটনা এই প্রথম। দুজনের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৬৩ রানের পাহাড় গড়ে ১০৯ রানের বিশাল জয় পেয়েছে কোয়েটা। এটাই পিএসএলে সর্বোচ্চ দলীয় স্কোরের নতুন রেকর্ড। এতদিন ২০২৩ আসরে কোয়েটার বিপক্ষে মুলতান সুলতান্সের ২৬২ রান পিএসএলের সর্বোচ্চ ছিল। ২০০৬ থেকে পুরোদমে শুরু হওয়া ২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত জোড়া সেঞ্চুরির ইনিংস দেখা গেছে মোটে ৯ বার।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪৬ বলে ৬ ছক্কা ও ১৪ চারে ১০৪ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রুশো। পিএসএলে ৩৫ বছর বয়সী রুশোর এটা তৃতীয় সেঞ্চুরি। আর কেউই পিএসএলে তিনটির বেশি সেঞ্চুরি পাননি। সমান তিনটি করে আছে উসমান খান ও কামরান আকমলের। এরপর চারে নেমে ৪৫ বলে ৯ ছক্কা ও ৪ বাউন্ডারিতে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন পাকিস্তানের নওয়াজ। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ১৩৪ রান।